বাসাইলে একই স্থানে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০৯:১৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশ একই স্থানে পৃথক কর্মসূচির ডাক দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ ঘোষণা দেন।
জানা গেছে, বেলা ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশ একই সময়ে হওয়ার কথা ছিল। যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল ১ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন, যেখানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের উপস্থিত থাকার কথা ছিল।
অন্যদিকে ছাত্র সমাজের পক্ষ থেকে রনি মিয়া ৫ সেপ্টেম্বর সমাবেশের অনুমতি চান। আবেদনে অতিথির নাম উল্লেখ না করলেও তিনি জানান, আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের বিরুদ্ধে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে।
কাজী আশরাফ অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বানচালের জন্য ছাত্র সমাজ একই তারিখে সমাবেশ ডেকেছে। তবে তাদের সঙ্গে কোনো প্রতিহিংসা নেই বলে জানান তিনি।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, একই জায়গায় দুটি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও সেনা টহল থাকবে।
ইউএনও মোছা. আকলিমা বেগম বলেন, একই সময়ে দুই পক্ষের সমাবেশে সংঘর্ষ ও রক্তপাতের আশঙ্কা থাকায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এসইউটি/










