মুফতি আবরারকে জঙ্গি মামলায় জড়ানো গভীর ষড়যন্ত্র: ইসলামী আন্দোলন
- আপডেট সময় : ০৮:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, মুফতি রেজাউল করীম আবরারকে জঙ্গি সংশ্লিষ্টতার মিথ্যা মামলায় জড়িয়ে দেয়া একটি গভীর ষড়যন্ত্র ও রাজনৈতিক উস্কানির অংশ। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, “পতিত ফ্যাসিস্ট আমলে ভিন্নমত দমন করতে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ বহু ব্যবহৃত রাজনৈতিক অপকৌশল ছিল। জনতা সেই অপকৌশল প্রত্যাখ্যান করে জুলাই অভ্যুত্থানে শ্লোগান দিয়েছে— ‘পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি।’ অথচ এখনো একজন প্রশিদ্ধ আলেমকে এভাবে ফাঁসানো হচ্ছে, এটা অবিশ্বাস্য।”
তিনি জানান, মুফতি আবরার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি জেনারেল। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং সিলেটের একটি আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এমন একজন রাজনৈতিক আলেমকে “গুপ্ত টিটিপির” সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা আইন-শৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের পরিচয় বহন করে বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে গাজী আতাউর রহমান অবিলম্বে মামলা থেকে মুফতি আবরারসহ নিরপরাধ আলেমদের নাম প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে যিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় এইসব নাম অন্তর্ভুক্ত করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
















