মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে সৌদি গেলেন বাংলাদেশের বশির
- আপডেট সময় : ০৪:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বিশ্বজয়ী হাফেজ বশির। প্রতিযোগিতায় অংশ নিতে তিনি ও তার উস্তাদ শায়খ নেছার আহমাদ আন নাছিরী বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা ত্যাগ করেন।
হাফেজ বশির ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। গত বছর ইরানের রাজধানী তেহরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।
সৌদি আরবের ইসলাম বিষয়ক দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার (৯ আগস্ট) থেকে মক্কার মসজিদুল হারামে প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বিশ্বের ১২৮টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন, যা প্রতিযোগিতার ৪৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
ইসলাম বিষয়ক দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শাইখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল আশ-শায়খ বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কোরআনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই প্রতিযোগিতা বিশ্বজুড়ে হাফেজদের মক্কায় একত্রিত করে কোরআনের সেবায় সৌদি আরবের অঙ্গীকারকে তুলে ধরে।
গত বছর ৪৪তম আসরে বাংলাদেশের দুই হাফেজ আনাছ বিন আতিক্ব ও মুয়াজ মাহমুদ প্রথম স্থান অর্জন করে দেশের জন্য জোড়া সাফল্য বয়ে এনেছিলেন।










