কাবাঘরের ঠিক ওপরে সূর্য, বিরল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করল বিশ্ব
- আপডেট সময় : ১২:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

পবিত্র কাবাঘরের ঠিক ওপরে সূর্যের অবস্থানের বিরল মহাজাগতিক ঘটনা ঘটেছে সৌদি আরবের মক্কায়। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ ব্যতিক্রমী দৃশ্যের সময় কাবা ঘরের আশপাশে ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, যা বিশ্বজুড়ে মুসলমানদের নিখুঁতভাবে কিবলার দিক নির্ধারণে সহায়তা করেছে। বিষয়টি নিশ্চিত করেছে গালফ নিউজ।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে সূর্য সরাসরি কাবার উপরে অবস্থান করে। এতে পৃথিবীর যেকোনো স্থান থেকে সূর্য দেখা সম্ভব হলে সেখান থেকে কিবলার সঠিক দিক নির্ধারণ করা যায়।
সূর্যের এমন অবস্থানকে বলা হয় “সোলার জেনিথ” বা সূর্য শীর্ষবিন্দু, যা সাধারণত প্রতিবছর দুইবার—মে মাসের শেষদিকে এবং জুলাই মাসের মাঝামাঝি সময়ে ঘটে। সূর্য কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণে গিয়ে মক্কার অক্ষাংশ ২১.৪ ডিগ্রি উত্তরে অবস্থান করলে এই ঘটনা ঘটে।
জ্যোতির্বিজ্ঞানী মাজেদ আবু জাহরা জানান, “এই ঘটনাটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি শুধু এক দৃশ্যমান বিস্ময় নয়, বরং প্রাচীন ধর্মীয় অনুশীলনের নিখুঁত বাস্তবায়নের সুযোগ।”
ঘটনাটি এমন এক মুহূর্ত, যখন আধুনিক প্রযুক্তি ছাড়াও শুধুমাত্র সূর্যের অবস্থান দেখে যে কেউ কিবলার দিক সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে সক্ষম হন। যারা ঐ সময়ে সূর্য দেখেছেন এবং সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়েছেন, তাদের দিকই ছিল কাবামুখী।
জ্যোতির্বিজ্ঞানীদের জন্যও এটি পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ সময়, যেখানে বায়ুমণ্ডলের আলোক প্রতিফলন বিশ্লেষণ, সূর্যের অবস্থান নির্ণয় এবং আবহাওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ সম্ভব হয়।
তথ্যসূত্র: গালফ নিউজ










