ভোলায় নিজ বসতঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের রাইস মিল এলাকার মাওলানা এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে। তিনি ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে তার শ্বশুর অসুস্থ হওয়ায় স্ত্রী-সন্তান বাবার বাড়িতে চলে যান। এতে তিনি একাই বসতবাড়িতে অবস্থান করছিলেন। শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ আদায় শেষে তিনি বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তার চিৎকার শুনে ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. রাজন জানান, “এশার নামাজ শেষে আমিনুল হুজুরের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে চিৎকার শুনি। গিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে আমরা কয়েকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই।
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াসির হাসনাত বলেন, “রাত সাড়ে ৯টার দিকে তাকে আনা হয়। পরীক্ষা করে পালস ও রক্তচাপ পাওয়া যায়নি। শরীরজুড়ে ধারালো অস্ত্রের আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ ছিল। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও তিনি মৃত্যুবরণ করেন।”
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গেছি। তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
এসইউটি/