বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূর করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, শ্রদ্ধা, সহনশীলতা, দয়া ও ক্ষমার গুণ, শিশুদের অধিকার রক্ষা এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অতুলনীয়। তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, ঈদে মিলাদুন্নবীর দিনটি মহানবী হজরত মুহাম্মদ সা:-এর পৃথিবীতে আগমনের আনন্দ এবং তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের দিন। তিনি মানবজাতিকে পরিশুদ্ধ করেছেন, সর্বশেষ গ্রন্থ কোরআন শিক্ষা দিয়েছেন এবং সত্য ও ন্যায়ের পথে চলার দিশা দেখিয়েছেন। মহানবীর আগমন মানবতার জন্য রহমত এবং আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার।
তিনি বলেন, রাসূল সা: আইয়ামে জাহেলিয়াতের অরাজকতা ও বৈষম্যের যুগে আল্লাহর বাণী প্রতিষ্ঠা করেছেন। নিজের সততা, ধৈর্য, সাহস ও আত্মত্যাগের মাধ্যমে কোরআনের তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেছেন। তাঁর জীবন মানবজাতির মুক্তির দিশা এবং সৎপথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত।
তারেক রহমান আরও বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই মহানবীর শিক্ষা ও আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং শেষ নবী হজরত মুহাম্মদ সা:-এর প্রতি অগণিত দরূদ ও সালাম প্রেরণ করি।
এসইউটি/