জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) টানা ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবার, দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে জেলা জমিয়তের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দলীয় সূত্র জানায়, একই দিন বিকেলে শান্তিগঞ্জ উপজেলা সদরে আরেকটি বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত মাওলানা মুশতাক আহমদের সন্ধান দিতে ব্যর্থ হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
নিখোঁজ মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী।
মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ফোনে জানিয়েছিলেন, এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বারবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকনউদ্দিন বলেন, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত তাকে সুনামগঞ্জের দিরাই রাস্তা পয়েন্ট এলাকায় সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।
জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, বিষয়টি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো চক্রান্ত বা অপহরণের ঘটনা ঘটে থাকে, তবে প্রশাসনকে তা খুঁজে বের করতে হবে।
সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী বলেন, দলীয় নেতা ও আলেমে দ্বীন এভাবে নিখোঁজ হওয়ায় পরিবার ও সমর্থকরা চরম উৎকণ্ঠার মধ্যে আছেন। দ্রুত তার সন্ধান না মিললে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইরফানুর রহমান জানান, মাওলানা মুশতাকের সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
এসইউটি/