জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আয়োজনের দাবিতে অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর বসুন্ধরায় দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সব নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সব সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার গুরুত্ব আরোপ করেন এবং তার আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এতে আরও বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট আয়োজনের দাবি নিয়ে জামায়াত অটল থাকবে।
সভায় অংশ নেওয়া নীতিনির্ধারকরা চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মতামত দেন।
এসইউটি/