অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স অন্তত এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে অদ্ভুত এক কারণে। মাঠের মাঝখানে সংরক্ষিত প্রজাতির দেশি পাখি ‘প্লোভার’ ডিম পাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরে অবস্থিত এই স্পোর্টস কমপ্লেক্সে খেলার সময় বিষয়টি সামনে আসে। মাঠের একেবারে মাঝখানে পাখিটি ডিম দেওয়ায় ফুটবল ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের মাঠে।
বিশেষজ্ঞদের মতে, প্লোভার পাখি বাচ্চা ফোটার পর অত্যন্ত রক্ষণশীল হয়ে ওঠে। এ সময়ে তারা হঠাৎ আক্রমণ করতে পারে, ডানা ঝাপটাতে পারে এবং আশপাশে কাউকে যেতে দেয় না। এই কারণে স্থানীয় কাউন্সিল মাঠ ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
কাউন্সিল জানিয়েছে, বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ার-এর পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা ও অনুমতি প্রয়োজন হবে। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।
স্থানীয় ফুটবল দলগুলো সিদ্ধান্তে সহযোগিতা করছে এবং বিকল্প মাঠে তাদের খেলা চালিয়ে যাচ্ছে।
আইজে/