জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসা, খিলগাঁও চৌরাস্তার শ্রদ্ধাভাজন শিক্ষক ও সিনিয়র মুহাদ্দিস হজরত মাওলানা মুহাম্মদ তৈয়ব আজ (বৃহস্পতিবার) দুপুরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাদরাসা সূত্রে জানা গেছে, দুপুরে চট্টগ্রামে নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে তিনি আর উঠতে পারেননি। সেখানেই তার মৃত্যু হয়। কয়েক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। সর্বশেষ তিন মাস তিনি অসুস্থতার কারণে বাড়িতেই অবস্থান করছিলেন।
মাখজানুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
আগামীকাল (শুক্রবার) সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর জামিয়া ইসলামিয়া আজাদী বাজার মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।