ময়মনসিংহ সদর উপজেলার চুড়খাই বড়বিলার পাড়ে মৃত এডভোকেট মোহাম্মদ আলীর সম্পত্তি বেদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার ছোট ভাই মজিবুর রহমান ও বোন সাহারা বানু। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মজিবুর রহমান জানান, তার বড় ভাই এডভোকেট মোহাম্মদ আলী ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মুসলিম পারিবারিক আইনে তিনি ও তার ছোট বোন সাহারা বানুসহ প্রথম স্ত্রী ও বড় মেয়ে উত্তরাধিকারী হলেও, দ্বিতীয় স্ত্রীর আত্মীয়স্বজনের প্রভাবশালী চক্র তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করছে।
তিনি অভিযোগ করেন, খন্দকার মাহবুব ও তার ছোট ভাই আবু কায়সার টিটু দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। তৎকালীন ওসি শাহ কামাল আকন্দের সময় প্রভাবশালীদের নির্দেশে তিনি ও তার দুই ছেলে থানায় আটক থেকে নির্যাতনের শিকার হন এবং জোরপূর্বক সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। এ নিয়ে থানায় জিডি ও অভিযোগ দাখিল করলেও কোনো প্রতিকার পাননি।
সংবাদ সম্মেলনে সাহারা বানু অভিযোগ করেন, প্রভাবশালী মহল ভুয়া ওয়ারিশান সনদ তৈরি করে কয়েক কোটি টাকার সম্পত্তি টিটুর বড় বোন, ভাগনী ও ভগ্নিপতির নামে নামজারি করেছে। ভূমি অফিসে একাধিকবার অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও জানান, আবু কায়সার টিটুর লাঠিয়াল বাহিনী—জসিম, শামছুল, বিল্লাল প্রমুখ কয়েক মাস আগে জোরপূর্বক তাদের বসতবাড়িতে তালা ভেঙে দখল করে নেয় এবং এখনো সেখানে অবৈধভাবে বসবাস করছে। এতে তারা সার্বক্ষণিক আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার দাবি জানান।