জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে বহাল করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুন নৈতিক স্থলনজনিত অভিযোগের প্রেক্ষিতে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে তিনি দপ্তর মারফত আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব জমা দেন।
দলীয় পর্যবেক্ষণে দেখা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া এক ফোনালাপকে কেন্দ্র করে দেওয়া শোকজের পরিপ্রেক্ষিতে তিনি দুই মাস সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এ সময় তিনি জুলাই পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপির প্রতিনিধিত্ব, নরসিংদীর পদযাত্রা ও মিডিয়ায় দলীয় অবস্থান উপস্থাপনসহ সব কার্যক্রমে অংশ নেননি।
ঘটনার সার্বিক পর্যালোচনা, লিখিত জবাব ও আলামত বিশ্লেষণের পর তাকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে শোকজ নোটিশ প্রত্যাহার করে সারোয়ার তুষারকে সাংগঠনিক কর্মকাণ্ডে পুনর্বহাল করা হয়েছে বলে জানায় এনসিপি।