আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৮ ঘটিকার সময় গর্জনিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মেসার্স জামাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ হেলালের দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় পথচারীরা। তারা সাথে সাথে ৯৯৯-এ কল দিয়ে রামু থানায় বিষয়টি ইনফর্ম করেন। পাশাপাশি নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসে কল করেও জানানো হয়।
ফায়ার সার্ভিস উপস্থিত হওয়ার আগে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসির নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্য, নাইক্ষ্যংছড়ি বিজিবি টহল দলের সদস্য ও গর্জনিয়া বাজারের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হওয়ায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত সময়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান আশপাশের ব্যবসায়ীরা।
প্রাথমিকভাবে ব্যবসায়ী মোহাম্মদ হেলালের প্রায় ১০-১২ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। এরই সাথে গর্জনিয়া বাজারের ব্যবসায়ী সমাজ ও স্থানীয় জনসাধারণ আক্ষেপের জায়গা থেকে বলেন, প্রায় প্রতিবছর এই বাজারের কোনো না কোনো অংশে আগুন লাগে, এতে ব্যবসায়ীরা প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হন। আগুন থেকে বাঁচা বা আগুনের বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য এই বাজারে আধুনিক কোনো আগুন নিয়ন্ত্রক ব্যবস্থা এখনো করা হয়নি। তাদের দাবি হলো, দ্রুত সময়ে যেন সরকার বা প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেন, যাতে ভবিষ্যতে ব্যবসায়ীরা বড় ধরনের যেকোনো ক্ষতি থেকে রক্ষা পান।
আজকের এই আগুনের বিপদ থেকে দ্রুত সময়ে রক্ষা পাওয়ায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিস, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্য ও নাইক্ষ্যংছড়ি বিজিবি টহল দলের সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।