সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে পতিতাবৃত্তির অভিযোগে ১১ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাগরিকত্ব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, নাজরানের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিস ফোর্স, কমিউনিটি সিকিউরিটি মহাপরিদপ্তর ও মানবপাচারবিরোধী ইউনিট। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের নৈতিকতা রক্ষা ও মানবপাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশটির আইনে পতিতাবৃত্তি, অবৈধ সম্পর্ক ও মানবপাচারকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। অভিযোগ প্রমাণিত হলে কারাদণ্ড, অর্থদণ্ড, বহিষ্কারসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে অভিযুক্তদের।
গত কয়েক বছরে সৌদি সরকার মানবপাচার ও দেহব্যবসা দমনে নজরদারি জোরদার করেছে। নাজরানের এই অভিযানও সেই ধারাবাহিকতার অংশ।