পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপি না-তে অনড় অবস্থান নিয়েছে, আর জামায়াতে ইসলামী হ্যাঁ-তে অনড়। তবে আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘‘পিআর পদ্ধতির নির্বাচনে পেশিশক্তি, কালোটাকার প্রভাব ও মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। রাষ্ট্রপতির ভোটের যেভাবে মূল্যায়ন হবে, একজন রিকশাওয়ালার ভোটেরও একইভাবে মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে কোয়ালিটিসম্পন্ন সংসদ গঠিত হবে।’’
শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত নেতা আরও বলেন, ‘‘পিআর পদ্ধতি নতুন কোনো দাবি নয়। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলেছিলেন—তত্ত্বাবধায়ক সরকার ও পিআর পদ্ধতি। অতীতে তত্ত্বাবধায়ক সরকার যেমন বাস্তবায়িত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে।’’
তিনি জানান, বিশ্বের ৯১টি দেশে ইতোমধ্যে পিআর পদ্ধতি চালু রয়েছে। এটি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ‘‘বিএনপি যেমন না-তে অনড়, জামায়াতও হ্যাঁ-তে অনড়। যখন পিআর বাস্তবায়ন হবে না, তখন কী করব, সেটা তখনই দেখা যাবে। কিন্তু এখন আমরা আমাদের ন্যায্য দাবি তুলেছি। একসময় কেয়ারটেকারও কেউ মানতে চায়নি, শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে। তেমনি আগামী জাতীয় সংসদ নির্বাচনও ইনশাআল্লাহ পিআর পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে।’’
নড়াইলের কর্মশালায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, সাবেক জেলা আমির মির্জা আশেক এলাহী, জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু এবং সেক্রেটারি মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।