নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এই সম্মাননা তুলে দেন তাঁর হাতে।
ইউকেএম কর্তৃপক্ষ জানায়, সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনূসের অসামান্য ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডিগ্রি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক ইউনূস তাঁর সামাজিক ব্যবসার দর্শন ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সকালে অনুষ্ঠানে পৌঁছালে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর উষ্ণ অভ্যর্থনা জানান এবং লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কাজের জন্য এটি অধ্যাপক ইউনূসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।