বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন সরোয়ার তালুকদার। বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে আন্দোলনকারীরা পুলিশের হাতে তুলে দেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
আন্দোলনকারী তামিম বলেন, সরোয়ার তালুকদার বক্তব্যে স্বাস্থ্যখাত সংস্কারের কথা বলেন। কিন্তু বক্তব্য শেষে আওয়ামী লীগের স্লোগান দেন। তখনই তাকে ধরে পুলিশের হাতে দেওয়া হয়। অপর এক কর্মী জানান, তিনি আওয়ামী লীগের কোনো পদে আছেন কি না জানা নেই, তবে স্লোগান দিয়েছেন।
অন্যদিকে সরোয়ার তালুকদার দাবি করেন, তিনি আওয়ামী লীগের কেউ নন। বক্তব্য দিতে গিয়ে ভুল করে স্লোগান দিয়েছেন এবং এজন্য ক্ষমা চেয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, আন্দোলনকারীরা একজনকে আটক করে দিয়েছেন। তার পরিচয় যাচাই এবং কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।