গাজীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার ঘটনা মোবাইলে ভিডিও করায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে (৩২) জনসম্মুখে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার ঈদগাহ মার্কেটে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
তুহিন সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে চান্দনায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের বড় ভাই মো. সেলিম ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সেদিন সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা মোড়ে বাদশা মিয়া নামে এক ব্যক্তি ও গোলাপি নামের এক নারীর মধ্যে বিবাদ বাধে। বাদশা মিয়া ওই নারীকে আঘাত করলে নারীর পক্ষ নিয়ে কয়েকজন দুর্বৃত্ত বাদশাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় বাদশা পালিয়ে যান। পাশে দাঁড়িয়ে তুহিন পুরো ঘটনাটি ভিডিও করছিলেন।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা ভিডিও মুছে ফেলতে বললেও তুহিন রাজি হননি। এরপর তারা তাকে ধাওয়া করে ঈদগাহ মার্কেটের একটি দোকানের সামনে ধরে বুকে, গলায়, কাঁধে ও পিঠে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সন্ত্রাসীরা নির্বিঘ্নে চলে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল ইসলাম বলেন, ঘটনাটি চাঁদাবাজি সংক্রান্ত নয়; নারীঘটিত একটি ঘটনার ভিডিও করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। গোলাপি নামে ওই নারী পেশায় কলগার্ল এবং সন্ত্রাসীদের সহযোগিতায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাসন থানার ওসি শাহীন খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।