খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইনগরবাড়ি থানার দেশপাড়া গ্রামের বাসিন্দা জেমসিং ত্রিপুরা (৪৫)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সীমান্ত অতিক্রম করে জেমসিং ত্রিপুরা বাংলাদেশে প্রবেশ করেন। তিনি লোগাং বাজার থেকে দুইটি ছাগল কিনে ভারতে ফেরার সময় বৌদ্ধনগরপাড়া বিওপির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার আব্দুল আলীম।
আটকের সময় তার কাছ থেকে দুইটি ছাগল জব্দ করা হয়। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।
পানছড়ি থানার ওসি মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আটক ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।