মাত্র ৯ বছর বয়সে পবিত্র কুরআন শরীফ হিফজ করে তাক লাগিয়েছে বাগেরহাটের মুহাম্মদ আবদুর রহমান। মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ফেরিঘাট সংলগ্ন মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদরাসার এই শিক্ষার্থী মাত্র সাড়ে ৬ মাসে কুরআনের হাফেজ হয়েছে।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরী গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম ও ফারজানা বেগম দম্পতির ছেলে আবদুর রহমান দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। তার মা জানান, প্রথম শ্রেণি পর্যন্ত স্কুলে পড়ে ছেলে মাদরাসায় ভর্তি হয়। মা-বাবার স্বপ্ন পূরণেই সে এত অল্প সময়ে হিফজ শেষ করেছে।
মাদরাসার পরিচালক মুফতি আবদুল কুদ্দুস আশ্রাফী বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে হিফজ শুরু করে আবদুর রহমান। শিশু বয়সে এমন মনোযোগ ও বিনয় মাদরাসার সবার নজর কাড়ে।
আবদুর রহমান বলে, ‘মা-বাবার দোয়া আর ওস্তাদদের সহযোগিতায় আমি হিফজ সম্পন্ন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইসলামের খেদমত করতে পারি।’