জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে এবং মুজিববাদীদের বিচারের আওতায় আনা হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নাহিদ ইসলাম বলেন, "আমাদের লড়াই এখনো শেষ হয়নি। একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লড়াই অব্যাহত আছে। আজকেও গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিয়েছে, মহড়ার চেষ্টা করেছে।"
তিনি আরও বলেন, "গোপালগঞ্জেও আমাদের ঠেকানো যায়নি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, গাজীপুরেও এসেছি। দেশের ৬৪ জেলায় আমরা গিয়েছি, যাবো। আমরা ঘোষণা দিয়েছি—দেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো এবং মুজিববাদীদের বিচারের মুখোমুখি করবো।"