সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে একজন দেশপ্রেমিক ও মজলুম রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক অভিযোগকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।”
তিনি আরও বলেন, “একজন নির্যাতিত ও মজলুম রাজনীতিবিদের বিরুদ্ধে পুনরায় এমন অভিযোগ উত্থাপন অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। রাজনীতিতে শিষ্টাচার ও ন্যায়বোধ বজায় রাখা অতীব প্রয়োজনীয়।”
এর আগের দিন রোববার নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে নিয়ে মন্তব্য করেন। এ বক্তব্য ঘিরে নেত্রকোনায় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে মিছিল করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।