নিজের বাবাও যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “আমরা বুকের রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছি, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনই অবস্থান নিতে হবে।”
শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনার বাবা যদি ৩০ হাজার টাকা বেতন পান আর ৪০ হাজার টাকা বাসা ভাড়া দেন, তাহলে প্রশ্ন করুন—এই টাকাটা আসে কোথা থেকে? আমরা তরুণ প্রজন্ম, শুদ্ধি অভিযান নিজেদের ঘর থেকেই শুরু করবো।”
তিনি আরও বলেন, “কিশোরগঞ্জের এনসিপি কর্মীদের অন্যান্য দলের কর্মীদের চেয়ে আলাদা হতে হবে। নিজেদের দুর্নীতি থেকে বিরত থাকতে হবে এবং অন্য কেউ করলে প্রতিহত করতে হবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি—সব ধরনের অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”
ফিলিস্তিনের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমি যখন কথা বলছি, তখনই লাইনে দাঁড় করিয়ে ফিলিস্তিনি ভাইদের হত্যা করা হচ্ছে। ইসরায়েলি বর্বরদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশ্বমানবতার পক্ষে কথা বলতে হবে।”
তিনি স্লোগান দেন, “ফ্রি ফ্রি ফিলিস্তিন।”
অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার শক্তিশালী হচ্ছে। প্রতিটি রাজনৈতিক দলকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে, দেশের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে।”
গণতান্ত্রিক উত্তরণের জন্য সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হলো দৃশ্যমান বিচার ও সংস্কার। আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।