জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ বর্তমানে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ইবনে শাইখুল হাদীসখ্যাত মাওলানা মুহাম্মদ মামুনুল হক হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি কিছু সময় সেখানে অবস্থান করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর জন্য দোয়া করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।
মাওলানা তাফাজ্জল হক আজিজ একসময় খেলাফত মজলিসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম সংগঠনে যুক্ত হন। তিনি শাইখুল হাদিস পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত ৫ জুলাই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে প্রথমে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে রাখা হয় এবং সেখান থেকে ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষায় তাঁর হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে, ফলে গত বুধবার চিকিৎসকরা ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেন।