মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুরে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ৬০ জন শিশু ও কিশোর শিক্ষার্থী।
শুক্রবার (২৫ জুলাই) রাতে কাদিপুর ইউনিয়নের কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় যুব সংগঠন “কাদিপুর ইসলামী যুব সংঘ” এর আয়োজনে দ্বিতীয়বারের মতো এ ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মসজিদের মুতাওয়াল্লি আলহাজ শাহীন আহমদের সভাপতিত্বে ও ইমাম হাফিজ জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি ও আলোচক, আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ, সমাজসেবক মছব্বির আলী মছনু, আব্দুস সালাম, মো. সাকু মিয়া ও সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।
এ বছর প্রতিযোগিতায় ৬০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১১ জন নিরবিচারে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিজয়ী হয়। লটারির মাধ্যমে প্রথম থেকে চতুর্থ স্থান নির্ধারণ করা হয়। বাকি সাতজনকে যৌথভাবে পঞ্চম স্থান প্রদান করা হয়।
প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী রাফি একটি বাইসাইকেল পান। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দুজনকে সেলাই মেশিন, চতুর্থ স্থানধারীকে চার্জার ফ্যান এবং বাকি সাতজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বলেন, “তরুণ সমাজ যেন মাদক, প্রযুক্তির অপব্যবহার ও অনৈতিকতার দিকে না ঝুঁকে, সেজন্য এই ধর্মীয় অনুশীলনভিত্তিক উৎসাহমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
তিনি জানান, এর আগেও ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে একই ধরনের আয়োজন হয়েছিল এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থী ও প্রবাসে অবস্থানরত কৃতীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।