আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হতে পারে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শনিবার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, "এআই এখন একটি আধুনিক হুমকি। যেকোনো কিছু দেখলেই তাই শেয়ার করা ঠিক নয়। যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়ালে তা অপপ্রচারে রূপ নেয়। নির্বাচন ব্যবস্থাকে অপপ্রচার থেকে নিরাপদ রাখতে মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য প্রতিরোধে মিডিয়াকে এগিয়ে আসতে হবে।"
তিনি আরও বলেন, "নির্বাচনের বড় চ্যালেঞ্জ হলো নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। মানুষ এখন ভোটের ব্যাপারে আগ্রহ হারাচ্ছে। মনে করে—আমি ভোট দিলেও হবে, না দিলেও হবে। সেই আস্থা ফিরিয়ে আনার কাজটি বড় চ্যালেঞ্জ। নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাও কঠিন হয়ে উঠেছে।"
এ এম এম নাসির উদ্দিন জানান, নির্বাচনকে সুষ্ঠু রাখতে যেকোনো ধরনের প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ প্রতিরোধে কমিশন সতর্ক রয়েছে। তিনি বলেন, "আমরা কোনো রাতের ভোট করতে চাই না। দিনের ভোটেই জনগণ যেন স্বচ্ছতার সঙ্গে ভোট দিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।"
সিইসি জানান, নির্বাচনের আগে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। একইসাথে তিনি জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।
সভায় খুলনা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বেনজীর আহম্মেদসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।