ঢাকার উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও দেশটির প্রখ্যাত রাজনীতিবিদ নুরুল ইজ্জাহ আনোয়ার।
বুধবার (২৩ জুলাই) এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় তিনি বলেন, “আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত। ২১ জুলাই ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় অনেক মানুষের প্রাণহানি এবং আরও অনেকে আহত হয়েছেন। বাংলাদেশের এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি এবং তাদের দুঃখে সমব্যথী। এই গভীর শোকের মুহূর্তে আমরা বাংলাদেশের ভাই ও বোনেদের সাথে সংহতি প্রকাশ করছি এবং দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।”
প্রসঙ্গত, গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার তথ্য জানিয়েছে সরকার।
নুরুল ইজ্জাহ আনোয়ার মালয়েশিয়ার রাজনৈতিক দল পার্টি কিয়ানান রাকয়াত (পিকেআর)-এর একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি নারী ও যুব নেতৃত্ব উন্নয়নে কাজ করে যাওয়া সংগঠন ‘পলিটি’রও নেতৃত্ব দিচ্ছেন।
রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা রয়েছে দীর্ঘদিন ধরে। বাবা আনোয়ার ইব্রাহিম কারাগারে থাকাকালে তিনিই পার্টির নেতৃত্ব দেন এবং দলকে ক্ষমতায় আনতে কার্যকর ভূমিকা পালন করেন।
এর আগে, দুর্ঘটনার পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের প্রতি সমবেদনা প্রকাশ করেছিলেন।