রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে রাজশাহীতে।
মঙ্গলবার বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে গার্ড অব অনার প্রদান করে সপুরা শাহী কবরস্থানে দাফন করা হয় বিকেল সাড়ে ৪টায়।
এর আগে বিকেল ৩টায় হেলিকপ্টারে করে তৌকিরের মরদেহ ঢাকার কুর্মিটোলা থেকে রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় তার উপশহরের ভাড়া বাসার সামনে, যেখানে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এর আগে রাজধানীর কুর্মিটোলায় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান (ভারপ্রাপ্ত)সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেডও সম্পন্ন হয় সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক মর্যাদায়।