রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের শঙ্কা করা হলেও এখনো কোনো মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি।
আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তরায় বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুপুর ২টার পর ফায়ার সার্ভিস জানায়, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল স্টেশন থেকে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, “আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি, বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “দুপুর ১টা ১৮ মিনিটে আমরা সংবাদ পাই। তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে, আরও দুটি ইউনিট রাস্তায় প্রস্তুত রয়েছে। বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।”