জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উত্তরা উলামা পরিষদের উদ্যোগে। বক্তারা বলেন, জুলাই আন্দোলন কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি ছিল ঈমানদার ছাত্রদের আত্মত্যাগ, নৈতিক দৃঢ়তা এবং বাতিলের বিরুদ্ধে আপসহীন অবস্থানের প্রতীক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উত্তরা চাইনিজ হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিন। যৌথভাবে সভা সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সুহাইল সাদী।
সভায় প্রধান অতিথি ছিলেন উত্তরা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল মুফতি মনির হুসাইন কাসেমী, উইজডম একাডেমির প্রিন্সিপাল ও জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস মাওলানা মোহাম্মদ খাঁন, শহীদ ছাত্র মুগ্ধের পিতা মীর মুস্তাফিজুর রহমান, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন, উত্তরা উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার এবং এনসিপি নেতা মাহতাব খাঁন বাঁধন।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং ন্যায়ের পক্ষে কণ্ঠ তোলার অপরাধে যারা শহীদ হয়েছেন, তারা জাতির সম্মান ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শহীদদের রক্ত আমাদের চলার পথকে আলোকিত করেছে।
সভায় জুলাই মাসে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শহীদদের রূহের মাগফিরাত এবং দেশের শান্তি ও উলামায়ে কেরামের ঐক্যের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।