নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমানে পূর্ণ গতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে এবং বর্তমান সরকারের আমলেই এই বিচার সম্পন্ন হবে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাস্তবায়িত প্রথম 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, “এখানে কোনো গাফিলতি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি বিভিন্ন অপরাধ আদালতেও মামলাগুলো কার্যক্রমে রয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার আমাকে জানিয়েছেন, অনেক মামলার তদন্ত প্রায় শেষ। আগামী ৫ আগস্টের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে দ্রুত বিচার আইনে বিচার কার্যক্রম হবে।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে বাংলাদেশে যে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিস্ট শাসন কায়েম হয়েছিল, তা জনগণ মাত্র ১৫ দিনের অভ্যুত্থানে বিতাড়িত করেছে।”
স্থানীয়ভাবে হত্যাকাণ্ড, চাঁদাবাজিসহ নানাবিধ অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের সময়ে যেভাবে জনগণ ঐক্যবদ্ধ হয়ে শক্ত প্রতিপক্ষকে পরাজিত করেছিল, সেভাবেই এখন স্থানীয় চাঁদাবাজ ও লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রশাসন এ বিষয়ে সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, গৃহায়ন সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উপদেষ্টাবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সহমর্মিতা প্রকাশ করেন।